সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়েই সরকার তাকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন।
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে আখতারুজ্জামান কথা বলতেই পারেন, দরকারে অদক্ষ কর্মকর্তাদের শাসাতেও পারেন; কিন্তু সেই ঘটনাকে ইস্যু বানিয়ে গ্রেপ্তার ও রিমান্ডের মধ্য দিয়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়েছে। তিনি মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডের আদেশ বাতিল ও আখতারুজ্জামানের মুক্তি দাবি করেন।
যারা জামায়াত-শিবিরকে গুপ্ত বলেন, তাদের আগে নিজেদের মুখ আয়নায় দেখার আহ্বান জানান তিনি। তার দাবি, খালেদা জিয়ার ডাকা কর্মসূচিতে বিএনপি নেতারা আড়ালে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছে, অনেকে তখন ফোনও বন্ধ রাখতেন।
তার আরও দাবি, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ জামায়াতের নয়, সরকারেরই রয়েছে, তাই দলটি রাজপথে মিছিলের সুযোগ পাচ্ছে। পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যে সরকার এগিয়ে এলে বিরোধী দল সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও কামাল হোসেন এমপি প্রমুখ। পরে মিছিলটি পল্টন মোড় ও প্রেস ক্লাব ঘুরে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়।






