কুষ্টিয়ায় রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন দলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

ঘটনাস্থলে থাকা জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন অভিযোগ করেন, মাজারের মতো পবিত্র স্থানে ঢুকে দেশীয় অস্ত্র হাতে হামলা করা হয়েছে। প্রশাসন ও স্থানীয় নেতারা তাদের নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লেখেন, বিএনপি সরকারের সময়ে পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা। তার হুঁশিয়ারি, বারবার হামলা, ভয় দেখানো বা দমন-পীড়নে পাটওয়ারীদের থামানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। ন্যায়, অধিকার ও আজাদীর লড়াই কোনো বাধায় থামবে না বলেও মন্তব্য করেন তিনি।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর এ নিয়ে পাঁচবার পাটওয়ারীর ওপর হামলা হলো। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একজন নেতাকে কতটা ভয় পেলে এতটা উন্মত্ত হতে পারেন, সে প্রশ্নও তোলেন তিনি।

সারজিসের অভিযোগ, বিএনপির সন্ত্রাসীরা এবার মাজারে ঢুকে পাটওয়ারী ও এনসিপির নেতাকর্মীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।