রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগে দলের এক অনুষ্ঠানে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ঢাকা উত্তরে প্রার্থী মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, আর দক্ষিণে ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
শফিকুর রহমান বলেন, ঢাকা উত্তর সিটিতে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তার দাবি, ডেঙ্গুর মশা জন্মায় এমন খাল ও নর্দমা পরিষ্কারে অভিযান শুরু করেছেন সেলিম উদ্দিন।
সাদিক কায়েম সম্পর্কে জামায়াত আমির বলেন, তিনি কেমন, দেশের মানুষ এরই মধ্যে তা জেনে গেছে। ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে মনের মতো করে সাজানো হয়েছিল, সাদিক কায়েম ঢাকা দক্ষিণকেও সেভাবে সাজাবেন বলে আশা প্রকাশ করেন তিনি; দলের সহকর্মীরা গ্রাম পর্যন্ত জনগণের কাছে পৌঁছে যাবেন বলেও জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রেজাউল করিম; বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান (মিলন) ও ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত।






