জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলের নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন করেছে, একই সঙ্গে ঠিক করেছে জাতীয় সম্মেলনের তারিখ—২০২৭ সালের ২ জানুয়ারি। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আসাদ গেটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির বৈঠকে এগুলো উন্মোচন করা হয়।
তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে সম্মেলনের তারিখের পাশাপাশি গঠনতন্ত্র সংস্কার ও সংশোধন, সামনের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ, ১১ দলীয় ঐক্যে জাগপার ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে সিদ্ধান্ত হয়।
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বৈঠক শেষে বলেন, সংবিধান সংস্কারের কথা বলা হলেও নিজেদের দলের গঠনতন্ত্রেই অনেক ফাঁক থেকে যায়। আধিপত্যবাদ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে সব স্তরে সংস্কার দরকার মন্তব্য করে তিনি জানান, এবার শুধু সংশোধন নয়, গঠনতন্ত্র নতুন করে ঢেলে সাজানো হয়েছে। ১১ দলীয় ঐক্যের শরিক দল হিসেবে জাগপা আন্দোলন-সংগ্রামে আরও জোরালো ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন জানান, ২ জানুয়ারির সম্মেলনের আগেই সারা দেশে জাগপার সব সাংগঠনিক জেলা ও মহানগর কমিটি ঢেলে সাজানো হবে। মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে যেখানে দলের যোগ্য প্রার্থী আছেন, সেখানে তাঁরা লড়বেন। তবে সিটি করপোরেশন নির্বাচনে জাগপা প্রার্থী দেবে না; সেখানে জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলের মধ্যে যোগ্যতর প্রার্থীকে সমর্থন জানাবে দলটি।
ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে বৈঠকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলাসহ প্রেসিডিয়ামের সদস্যরা অংশ নেন।






