পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার বিধায়ক ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মানব গুহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ডিজিটাল ব্যানার পোস্ট করেছেন, যাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের নামে একটি বক্তব্য বসানো হয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে, সারজিস এমন কোনো কথা বলেননি।

ব্যানারের দাবি, সারজিস বলেছেন ভারতীয় ককরোচ পার্টির চেয়ারম্যান ফোন করে তাঁর কাছে দিকনির্দেশনা চেয়েছিলেন এবং আন্দোলন চালানোর কৌশল তিনি তাঁকে বুঝিয়ে দিয়েছেন। মূলত একটি সার্কাজম পেজ থেকে ছড়ানো এই মন্তব্যকেই পরে সত্য বলে পোস্ট করেন মানব গুহ।

সারজিস প্রকাশ্যে এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে ব্যাপক প্রচার পেত। কিন্তু কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য উৎসে এর পক্ষে তথ্য মেলেনি; তাঁর ফেসবুক পেজ ও অ্যাকাউন্টেও এ নিয়ে কিছু নেই।

উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে ১০ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সম্ভবত প্রথম এই দাবি সামনে আনা হয়, তাতে কোনো সূত্রের উল্লেখ ছিল না। বিশ্লেষণে দেখা গেছে, পেজটি ব্যঙ্গাত্মক বা সার্কাজম কনটেন্ট প্রকাশ করে। ফলে মন্তব্যটি সারজিস আলমের নয়।