প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে নেওয়া এসব কর্মসূচি দেশজুড়ে পালিত হবে আগামী ২৭ ও ২৮ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার)।

সংগঠনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মসূচির মধ্যে আছে শ্রদ্ধা নিবেদন, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতার নানা কাজ।

২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে যুবদলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও দোয়া-মোনাজাত করা হবে। এতে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল অংশ নেবে।

একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হবে। এ ছাড়া জেলা ও মহানগর ইউনিটগুলো নিজেদের ঠিক করা সময়ে আলোচনা সভা, র‍্যালি বা সমাবেশের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্ত করা ও দুস্থদের খাদ্য বিতরণের মতো কর্মসূচি পালন করবে।

পরদিন ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌর ও অধস্তন ইউনিটগুলো সুবিধামতো সময়ে নিজ নিজ এলাকায় একই ধরনের আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি পালন করবে।