প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন দাবি করেছেন, জামায়াত কিংবা এনসিপিতে জনতার রক্তে শিহরণ জাগানোর মতো বজ্রকণ্ঠ কোনো নেতা নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
তাঁর ভাষায়, নুরের মিসাইলের আঘাতে সেদিন তছনছ হয়ে গেছে মগবাজার আর বাংলামটর। তিনি লেখেন, জেল-জুলুম ও দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে এমন তেজী কণ্ঠ তৈরি হয়, গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করার গুপ্ত রাজনীতি দিয়ে নয়।
রাশেদ খাঁনের মতে, সরকারে যোগ দেওয়ার পর ভিপি নুরের কণ্ঠের ঝাঁজ কিছুটা নরম হয়েছিল, তবে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবার পুরোনো সেই নুরকে দেখা গেছে।
নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে তিনি সতর্ক করেন, ভিপি নুরকে খেপিয়ে তোলার মূল্য জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে চুকাতে হবে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’






