মেট্রোরেলের পিলারে আঁকা খালেদা জিয়ার গ্রাফিতির দুটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। একটিতে শেখ হাসিনার বানানো মেট্রোরেলের পিলারে ছেলের হাতে নিজের ছবি আঁকা নিয়ে খালেদা জিয়ার আক্ষেপ, অন্যটিতে বস্তির ছেলেপেলে দিয়ে ছাত্রদল গঠন না করার বিষয়ে তার নামে একটি কথিত উক্তি জুড়ে দেওয়া হয়েছে।

তবে যাচাইয়ে দেখা গেছে, ছবি দুটি আসল নয়। মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে আঁকা খালেদা জিয়ার একটি গ্রাফিতির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদনা করে এগুলো তৈরি করা হয়েছে।

রিজওয়ান রাজু নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ১৫ অক্টোবর রাত ১০টা ৩১ মিনিটে প্রকাশিত একটি পোস্টের ছবির সঙ্গে ভাইরাল ছবিগুলোর অ্যাঙ্গেল, পটভূমি ও আলোর মিল পাওয়া যায়। তবে সেখানে গ্রাফিতির পাশে লেখা ছিল ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৫৮ মিনিটে শরিফ হোসাইন নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতেও গ্রাফিতিটির পাশে একই লেখা দেখা যায়।

পরে শেখ হাসিনা ও ছাত্রদল-সংক্রান্ত লেখাযুক্ত ছবি দুটি এআই ভেরিফাই দিয়ে পরীক্ষা করলে দেখা যায়, সেগুলো ওপেন এআই দিয়ে তৈরি। অর্থাৎ আসল ছবিটিই এআইয়ের সাহায্যে বদলে ফেলা হয়েছে।