জামায়াতে ইসলামীর নেতাদের মৌসুমি রাজনীতিবিদ আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মীর শাহে আলম। তার অভিযোগ, বেহেশতের লোভ দেখিয়ে দলটি মানুষকে ঠকিয়েছে; গতবার পূজায় ঢাকের তালে নাচলেও ভোট শেষ বলে এবার নেতারা পূজামণ্ডপে যাননি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বগুড়ার মোকামতলা উপজেলায় ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পর সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সব উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হচ্ছে, আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, কৃষকেরা পাবেন কৃষক কার্ড, আর ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার ব্যবস্থা হবে। প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিয়ে তবেই পাঁচ বছর পর তারা আবার জনগণের কাছে ভোট চাইবেন বলে জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে এবং বিশৃঙ্খলা করলে দলীয় পরিচয়ে কেউ পার পাবে না। বিএনপিসমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তার যুক্তি, তারা জিতলে গ্রামাঞ্চলে উন্নয়ন ছড়ানো সহজ হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ভোটের দরকার ছিল না বলে দলটি জনগণের কাছে যায়নি; কিন্তু তাদের ভোট দরকার, তাই তারা বারবার মানুষের কাছে আসবেন।