প্রবাসী সংগঠনের কার্যক্রম তদারকির জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে প্রধানের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। উপপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনিরা শারমিনকে।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন উপকমিটি গঠনের কথা জানানো হয়। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে কমিটিটি গঠিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের উদ্দেশ্যও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দলের ডায়াস্পোরা বিষয়ক কাজের গতি ও কার্যকারিতা বাড়ানো, দলীয় কার্যক্রমে সমন্বয় আনা এবং প্রবাসী কল্যাণের কার্যক্রম আরও সুসংহত করতেই এই উপকমিটি করা হয়েছে।
উপকমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চারজন। তাঁরা হলেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।
সহসাংগঠনিক সম্পাদক পদেও চারজনকে রাখা হয়েছে। এই দায়িত্বে রয়েছেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।
এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
Source: জাগো নিউজ২৪






