উচ্চশিক্ষার স্বপ্নে মেক্সিকো যাওয়া মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান দালালের ফাঁদে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে নেমেছিলেন; ইউক্রেনীয় ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) মৃত্যুর খবর নিশ্চিত করেন আমতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. ইকবাল আহমদ। মুহিবুর মৌলভীবাজার সদরের আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য মো. ইকবাল আহমদ জানান, মেক্সিকোতে ভিসা বাতিল হওয়ার পর অনিশ্চয়তায় পড়া মুহিবুরকে একটি দালাল চক্র রাশিয়ার পক্ষে লড়লে মোটা বেতন আর যুদ্ধ শেষে নাগরিকত্বের লোভ দেখায়। রাজি হয়ে রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন তিনি, এরপর তাকে পাঠানো হয় সম্মুখসমরে।

দীর্ঘদিন রুশ বাহিনীর হয়ে লড়ার পর একটি বাংকারে থাকা অবস্থায় ইউক্রেনীয় ড্রোন হামলায় বাংকারটি ধ্বংস হলে সেখানেই তিনি নিহত হন। রুশ সেনাদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে খবরটি প্রথম পরিবারের কাছে পৌঁছায়, তবে মৃত্যুর সঠিক তারিখ এখনো জানা যায়নি।