বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘উৎসব’ চলচ্চিত্রটি দেখানো হয়েছে। প্রদর্শনীতে ইপিএস কর্মীদের পাশাপাশি নানা পেশার প্রবাসীরা যোগ দেন।
দূতাবাস জানায়, শুরুতে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিদেশে থেকেও বাংলা সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধ আঁকড়ে রাখা কেন জরুরি, সেটি তিনি তুলে ধরেন।
তানিম নূরের পরিচালনা ও প্রযোজনায় তৈরি ছবিটির প্রেরণা ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্সের ‘এ ক্রিস্টমাস ক্যারোল’। পরিবার, ভালোবাসা, দায়িত্ববোধ আর একসঙ্গে থাকার গল্প নিয়ে নির্মিত ছবিটি দর্শকদের মধ্যে বিশেষ সাড়া জাগায়।
প্রদর্শনীজুড়ে প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা যায়; অনেকে প্রবাসে বসে বড় পর্দায় বাংলা ছবি দেখার সুযোগটিকে সাংস্কৃতিক মিলনমেলা বলে বর্ণনা করেন। দূতাবাস জানিয়েছে, বিদেশে বাঙালির জীবনবোধ ও পারিবারিক ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন সামনেও চলবে।



