স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে আগুনের ঘটনায় ইউসুফ হাসান আলিফ (২৭) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে (স্থানীয় সময়), মাদ্রিদের আরগানসুয়েলা জেলায় মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকায়।
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিবের ছেলে আলিফ প্রায় এক বছর অপেক্ষার পর ২৭ আগস্ট স্পেনে রেসিডেন্সি পান। সেদিনই ডেলিভারি ম্যান হিসেবে নতুন চাকরিতে যোগ দেন, আর ৩ দিনের মাথায় প্রাণ হারালেন।
সহকর্মী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ডেলিভারির বাইসাইকেল আনতে গ্যারেজে ঢোকেন আলিফ। তখন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে, মুহূর্তেই ধোঁয়া আর আগুনে ভরে যায় গ্যারেজ।
মৃত্যুর আগমুহূর্তে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলিফ লেখেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ উদ্ধারকর্মীরা গ্যারেজের একাংশ কেটে তাঁকে বের করলেও ততক্ষণে তিনি মারা যান।
আলিফের বাবা জানান, সকালে ফেসবুকে খবর দেখে যোগাযোগের চেষ্টা করেও পারেননি; পরে ছেলের এক বন্ধুর কাছে ফোনে বিস্তারিত জানেন। মরদেহ বিমানে দেশে পাঠানোর ব্যবস্থা করতে সেই বন্ধুকে অনুরোধ করেছেন তিনি।


