বিতর্ক আর হাস্যরসের জন্ম দিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি ক্রিকেটে একটি সহজ রানআউটের সুযোগ নষ্ট করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। রাজার বড় ভুলে রান আউট থেকে বেঁচে যান দুবাই ক্যাপিটালসের অধিনায়ক ফাফ ডু প্লেসি।
গত শুক্রবার (২৭ নভেম্বর) দুবাই ক্যাপিটালস ও শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচে এই ঘটনা ঘটে। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শারজাহ ওয়ারিয়র্স। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৬ রানেই অলআউট হয়ে যায় দুবাই। জবাবে মাত্র ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শারজাহ। তবে এই একপেশে ম্যাচেও আলোচনার কেন্দ্রে ছিল রাজার রানআউটের সুযোগ হাতছাড়া করা।
ম্যাচের সপ্তম ওভারের তৃতীয় বলে ঘটে ঘটনাটি। ম্যাক্স হোল্ডেন বলটি ফিল্ডারের দিকে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে দৌড় শুরু করেন। নন-স্ট্রাইক প্রান্ত থেকে ছুটে আসেন ডু প্লেসিও। কিন্তু কভার অঞ্চলের ফিল্ডার দারুণভাবে বল আটকে দ্রুত রাজার কাছে ফেরত দেন। রান নেওয়া সম্ভব নয় বুঝতে পেরে ফিরে যান হোল্ডেন। কিন্তু অনেকটা পথ এগিয়ে গিয়েছিলেন ফাফ ডু প্লেসি।
ফিল্ডারের কাছ থেকে রাজা বল হাতে পেয়েও স্টাম্পের বেল ফেলতে পারেননি। প্রথমে বল ধরতে গিয়ে তা ফসকে যায় তাঁর হাত থেকে। দ্বিতীয়বার তিনি বল মাটি থেকে তুলতে গিয়ে আর রান আউটের চেষ্টা করেননি—ভেবেছিলেন ব্যাটার ততক্ষণে তাঁর প্রান্তে পৌঁছে গেছেন। কিন্তু নিজের ভুল বুঝতে বুঝতে দেরি হয়ে যায় রাজার। দ্বিতীয়বার মাটি থেকে বল তোলার সময় ডু প্লেসি বাইরে থাকলেও রাজা ভুল বুঝতে পারেন। ততক্ষণে অবশ্য দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক মরিয়া হয়ে ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছে যান। তবে এই চেষ্টায় কাঁধে চোট পান ফাফ ডু প্লেসি।
সহজ সুযোগ নষ্ট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাজার তুমুল সমালোচনা শুরু হয়েছে। অনেক সমর্থকই তাঁর এমন ভুলের জন্য ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে জয়ের মধ্য দিয়ে চলতি আইএলটি-টোয়েন্টি মৌসুমে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে শারজাহ ওয়ারিয়র্স। বল হাতে জুনায়েদ সিদ্দিক ২৫ রানে ৩ উইকেট নেন। অ্যাডাম মিলনে ও রিচার্ড গ্লিসন পান দুটি করে উইকেট। দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন করিম জানাত। জবাবে উদ্বোধনী জুটিতেই ৮২ রান তুলে জয়ের পথ সহজ করে দেন টিম সেইফার্ট ও পল ওয়াল্টার। সেইফার্ট ২০ বলে ৪১ এবং ওয়াল্টার ২৫ বলে ৪২ রান করেন। শেষ দিকে ব্রেন্ডন ম্যাকমুলেনের অপরাজিত ২৬ রানে ১৩ ওভারেই জয় নিশ্চিত করে শারজাহ।
তথ্যসূত্র: জাগো নিউজ স্পোর্টস।
Source: জাগো নিউজ২৪






