সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধু তালিকায় সাধারণত অনেক ধরনের মানুষ জমে যান—স্কুলের পুরোনো সহপাঠী, একসময়ের সহকর্মী, দূরসম্পর্কের আত্মীয়, এমনকি এমন অনেককেও যাঁদের সঙ্গে বছরের পর বছর কোনো কথা হয় না। অথচ তাঁরা নিয়মিত হাজির হন নিউজফিডে। কেউ বিরক্তির কারণ, কারও সঙ্গে নেই কোনো যোগাযোগ। এমন অপ্রয়োজনীয় অনলাইন সংযোগ ছেঁটে ফেলার কথা মনে করিয়ে দিতেই প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’।

তবে এটি জাতিসংঘ বা কোনো সরকারি সংস্থার স্বীকৃত দিবস নয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি মজার উদ্যোগ হিসেবেই এর যাত্রা শুরু। তথ্যসূত্র: জাগো নিউজ, ডেইজ অব দ্য ইয়ার ও কেএসকে।

যেভাবে শুরু

২০১০ সালে মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল তাঁর জনপ্রিয় অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’-এ দিনটির ঘোষণা দেন। তাঁর অভিমত ছিল, ফেসবুকে হাজার হাজার মানুষকে বন্ধু হিসেবে যুক্ত রাখলেও বাস্তবে এত মানুষের সঙ্গে গভীর বন্ধুত্ব বজায় রাখা সম্ভব নয়। তাই যাঁদের সঙ্গে প্রকৃত কোনো সম্পর্ক নেই, তাঁদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

কিমেলের আরেকটি যুক্তি ছিল, বন্ধুত্ব একটি বিশেষ সম্পর্ক—শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকলেই কাউকে প্রকৃত বন্ধু বলা যায় না। তাঁর এই মজার আহ্বান দ্রুত মানুষের মধ্যে আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই প্রতি বছর ১৭ নভেম্বর দিনটি ন্যাশনাল আনফ্রেন্ড ডে হিসেবে পরিচিতি পায়।

কাদের আনফ্রেন্ড করবেন

দিনটির মূল উদ্দেশ্য কাউকে অপমান করা বা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করা নয়। বরং নিজের অনলাইন পরিসরকে পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক রাখা। যেমন—যাঁর সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, যাঁকে বাস্তবে চেনেন না কিংবা যাঁর পোস্ট নিয়মিত বিরক্তির কারণ হয়, তাঁকে বন্ধু তালিকায় রাখা প্রয়োজন কি না, তা ভেবে দেখা যেতে পারে।

তবে কাউকে আনফ্রেন্ড করার আগে মনে রাখা দরকার, সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও মানুষের সঙ্গে সম্পর্ক থাকে। কোনো ভুল বোঝাবুঝি বা সাময়িক বিরক্তির কারণে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বিশেষ করে আত্মীয়, সহকর্মী কিংবা পরিচিত কারও ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিবেচনা করা ভালো।

আনফ্রেন্ড, আনফলো নাকি ব্লক

ফেসবুকে কাউকে আনফ্রেন্ড করলে তিনি বন্ধু তালিকা থেকে বাদ পড়েন। কিন্তু বন্ধুত্ব না ভেঙে শুধু তাঁর পোস্ট দেখতে না চাইলে রয়েছে আনফলো করার সুযোগ। আবার কারও সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করতে চাইলে ব্লক করার বিকল্পও আছে। অর্থাৎ সব ক্ষেত্রেই আনফ্রেন্ড করাই একমাত্র সমাধান নয়।

ন্যাশনাল আনফ্রেন্ড ডে মনে করিয়ে দেয়, অনলাইনে পরিচিত মানুষের সংখ্যা বেশি হলেই সম্পর্কের গভীরতা বাড়ে না। তাই নিজের বন্ধু তালিকাটি একবার দেখে নেওয়া যেতে পারে। তবে কাউকে বাদ দেওয়ার পাশাপাশি যাঁরা সত্যিই গুরুত্বপূর্ণ, তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও ভাবতে হবে।

Source: জাগো নিউজ২৪