যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে বিপুল পরিমাণ সংবেদনশীল সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারী এবং রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার ইউনিট ‘সাইবার কমান্ড’-কে যুক্ত করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) পাঁচটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছে। বার্তা সংস্থাটি একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে।
দুই ব্যক্তি জানান, গত এক মাসের মধ্যে সিস্টেমটির উন্নয়নকাজ চলাকালে ‘ক্লাউড ওয়ান’ নামের প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনা পুরো প্ল্যাটফর্মের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেছে। তবে, হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের প্রকৃত ব্যাপ্তি কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে রয়টার্সের পাঠানো বার্তার সাড়া দেয়নি সাইবার কমান্ড।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। তবে, বিমানবাহিনীর তথ্য-সিস্টেম এবং মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।’
সব সেবার একক প্ল্যাটফর্ম ২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন মেটানোর একটি একক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা একত্র করে এটি তৈরি করা হয়। এর মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের মতো বিভিন্ন কাজ পরিচালনার জন্য অসংখ্য অ্যাপ্লিকেশন চালু রয়েছে বলে জানা গেছে। এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এই ক্লাউড সেবার মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন স্থানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ও অন্যান্য তথ্য একত্র করা হয়। এ ছাড়া সাইবার হামলার আওতায় ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ও রয়েছে, যা বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর স্থাপনায় থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি (SAIC)। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস (Leidos)। এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্সের পাঠানো অনুরোধের জবাব দেয়নি এসএআইসি। লেইডোস প্রশ্নগুলো মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সূত্রগুলোর দুজনের ভাষ্য অনুযায়ী, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। একটি সূত্র বলেছে, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেশ বড় বিষয়।’ হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটিতে নানা ধরনের কার্যক্রম ব্যাহত হয়েছে। দুটি সূত্র এবং এ বিষয়ে অবগত আরও একজন ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর অগ্রাধিকার হিসেবে বিবেচিত ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে। ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশ পাওয়ার পরও সেগুলোর সমাধানে প্রয়োজনীয় আপডেট দিতে পারছেন না বিমানবাহিনীর কর্মীরা। পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কয়েকজন ব্যবহারকারীর প্রশাসনিক অধিকারও বাতিল করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছিল। কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন ওই ব্যক্তি। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, তাত্ত্বিকভাবে এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে হামলাকারীরা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারত। তবে এ ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়। হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
ক্লাউড ওয়ানে হামলার খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চালানো সাইবার হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। কারণ, এআই মডেলগুলো দ্রুত বড় পরিসরের নেটওয়ার্কে দুর্বলতা শনাক্ত করতে সক্ষম। যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার পরিণতি সামাল দিচ্ছে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সিস্টেমে হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি সাইবার হামলা, সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।
দীর্ঘদিন ধরে হ্যাকারদের লক্ষ্যবস্তু ক্লাউড ওয়ান। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ‘ফেডস্কুপ’-এ প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের বিপুল সংখ্যক প্রচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে নিজেদের ‘১০০ শতাংশ সাফল্যের হার’ থাকার দাবি করেছিলেন। তারা এসব প্রচেষ্টাকে ‘বিস্ময়কর’ বলেও উল্লেখ করেছিলেন। ক্লাউড ওয়ানের কর্মকর্তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার প্রশ্নে ভুল করার কোনো সুযোগ নেই।’
তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি ও রয়টার্স।
Source: জাগো নিউজ২৪






