ইসরায়েলে ড্যামন কারাগারের প্রবেশপথের ছবি তোলার অভিযোগে দুই জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে জাগো নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, কারাগারের প্রবেশপথের সামনে দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের সেখানে অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় রক্ষীরা তাঁদের ওপর নজর রাখতে শুরু করেন।
এরপর দুই ব্যক্তির মোবাইল ফোন পরীক্ষা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে কারাগারের প্রবেশপথ ও স্থাপনার ছবি পাওয়া যায়। সেখানে নিরাপত্তার দায়িত্ব পালনকারী ব্যক্তিদের কার্যক্রমের দৃশ্যও ছিল।
পরে বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
গ্রেপ্তার দুই জার্মান নাগরিকের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কী উদ্দেশ্যে তাঁরা কারাগারের ছবি তুলছিলেন এবং এসব ছবি অন্য কোথাও পাঠিয়েছিলেন কি না, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
Source: জাগো নিউজ২৪






