কানাডায় অবস্থানরত পুলিশ সুপার ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অসদাচরণ ও পলায়নের অভিযোগে করা ওই মামলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে গতকাল শনিবার, ২৪ অক্টোবর প্রজ্ঞাপনটি জারি করা হয়। আজ রোববার, ২৫ অক্টোবর সেটি প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে তানিয়া আনসারীর বর্তমান অবস্থান কানাডায় বলে উল্লেখ করা হয়েছে। এর আগে তিনি ঢাকায় পুলিশ টেলিকমে পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে সাময়িক বরখাস্তের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা রয়েছে বলে বিবেচনা করে আদেশটি জারি করা হয়েছে।

আদেশে তানিয়া আনসারীর সাময়িক বরখাস্তের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১০ মে থেকে। বরখাস্ত থাকা অবস্থায় তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে। এ সময়ে তিনি বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।

Source: জাগো নিউজ২৪