নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মসজিদ মার্কেটের পাশের কৃষ্ণ কাহারের বাড়িতে ঘটনাটি ঘটে।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুই শিশু হলো স্বর্ণা রানী কাহার (৭) ও রূপা রানী কাহার (৫)। তাঁরা ওই এলাকার কৃষ্ণ কাহার ও পিংকী রানীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ঘটনার সময় পিংকী রানী বাথরুমে ছিলেন। তখন তাঁর দুই মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। বাথরুম থেকে বেরিয়ে পুকুরঘাটে কাউকে দেখতে না পেয়ে তিনি মেয়েদের খোঁজে পাশের বাড়িতে যান।

সেখানেও দুই মেয়ের সন্ধান না পেয়ে পিংকী রানী নিজের বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের পানিতে বুদ্‌বুদ দেখে তাঁর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে পানিতে নেমে খুঁজতে শুরু করেন তিনি। পরে পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন।

চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এরপর শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

এসআই আশরাফ হোসেনের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উভয় শিশুর মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে তিনি জানান, দুই বোনের মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত।

Source: জাগো নিউজ২৪