বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করেছে সরকার। তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত হয়ে ২৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজ রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করার ক্ষেত্রে তাৎক্ষণিক অবমুক্তির শর্তও রাখা হয়েছে। সে অনুযায়ী, নির্দেশিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ২৯ অক্টোবর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ বলে গণ্য হবেন।
বদলির আদেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) পাঠানো হয়েছে। সেখানে তিনি অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পাবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হকের নতুন কর্মস্থল খাগড়াছড়ি। তাঁকে সেখানকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
অন্য কর্মকর্তা হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমান। তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলির আদেশ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত আছেন।
Source: জাগো নিউজ২৪






