বান্দরবানের লামা উপজেলার পৃথক দুই এলাকায় বজ্রপাতে এক শিশু ও এক স্কুল দপ্তরির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ফাঁসিয়াখালী ইউনিয়নের হেডম্যানপাড়া ও বড়ছনখোলায় এ দুটি ঘটনা ঘটে।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন মং প্রু মারমা (৪০) ও মোহাম্মদ সজিব (১১)। মং প্রু মারমা ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর হ্লাথুই পাড়ার খিয়াং চি মারমার ছেলে। সজিব একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলার মোহাম্মদ ছাদেকের ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন মং প্রু মারমা। বিকেল ৫টার দিকে তিনি বাড়ির পথে ছিলেন। হেডম্যানপাড়ার কাছাকাছি পৌঁছানোর পর বজ্রপাত হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
অপর ঘটনায় সজিব বাড়ির বাইরে খেলছিল। সে সময় বজ্রপাতে আহত হলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ।
Source: জাগো নিউজ২৪






