রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সাত থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার (২৫ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করা হয়।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার (২৬ অক্টোবর) গ্রেপ্তারের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

মতিঝিল বিভাগের দেওয়া তথ্য তুলে ধরে নিয়াজ মেহেদী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশ অভিযান চালায়। এসব অভিযানেই ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক হিসাবে পল্টনে ২৮ জন, শাহজাহানপুরে ১৯ জন, খিলগাঁওয়ে ১৩ জন এবং মুগদায় ১২ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া মতিঝিল, সবুজবাগ ও রামপুরা থানায় গ্রেপ্তার হয়েছেন ৪ জন করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

Source: জাগো নিউজ২৪