অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে একই পদে আরও এক বছর রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ সোমবার (২৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় এ নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক দায়িত্বে যোগ দেওয়ার দিন থেকে তাঁর এক বছরের মেয়াদ গণনা শুরু হবে।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্ত হিসেবে খায়েরুজ্জামান মজুমদারের অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা স্থগিত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি তাঁকে অন্য পেশা বা ব্যবসার সঙ্গে কর্মসম্পর্ক ছাড়তে হবে। সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গেও তাঁর কর্মসম্পর্ক রাখা যাবে না। নিয়োগের বাকি শর্তগুলো চুক্তিপত্রে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

খায়েরুজ্জামান মজুমদার অর্থ সচিবের দায়িত্ব গ্রহণ করেন ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। পরবর্তী সময়ে বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে কাজ করেন তিনি।

Source: জাগো নিউজ২৪