ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালকের দায়িত্বে ছিলেন।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা সাইদুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাঁর চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামকে সেনাবাহিনীতে ফেরানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে।

একই প্রজ্ঞাপনের আওতায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তমকেও। তাঁকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরিও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

Source: জাগো নিউজ২৪