কেরানীগঞ্জের নারিকেলবাগে আমান প্লাস্টিক নামের একটি কারখানায় আগুনে মো. মানিক (৪৫) দগ্ধ হয়েছেন। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরের শতভাগ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। দগ্ধ মানিককে দ্রুত উদ্ধার করে দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কেরানীগঞ্জ থেকে মো. মানিককে দগ্ধ অবস্থায় দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের শতভাগ পুড়ে গেছে।
মানিকের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে চিকিৎসক আরও জানান, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
Source: জাগো নিউজ২৪






