গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের ডোবায় ডুবে দুই বছর বয়সী চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলো আব্দুল্যা আল আরাফ ও মিফতাহুল জান্নাত। আরাফ চৌধুরীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল একই গ্রামের আশরাফুলের মেয়ে।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুই শিশুর জন্ম হয়েছিল একই দিনে। তাঁদের মৃত্যুও একই দিনে হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে; এলাকায় নেমে এসেছে শোক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়েছিল শিশু দুটি। একপর্যায়ে তাঁরা পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির সময় তাঁদের ওই ডোবা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দুই শিশুকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Source: জাগো নিউজ২৪






