চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রহমতপুর সীমান্ত থেকে চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) কয়লারমুখ এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়।
রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) বরাত দিয়ে জাগো নিউজ জানিয়েছে, রহমতপুর সীমান্তচৌকির (বিওপি) আওতাধীন এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক গরুগুলোর আনুমানিক জব্দমূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে ব্যাটালিয়ন।
রামগড় ব্যাটালিয়ন জানায়, সীমান্তে চোরাচালান ঠেকানো, নিরাপত্তা বাড়ানো এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তাদের নিয়মিত টহল চলছে। এর পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও চালু রয়েছে।
মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও জনগণের সহযোগিতা চেয়েছে বিজিবি। এসব বিষয়ে যেকোনো তথ্য বাহিনীকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Source: জাগো নিউজ২৪






