পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে মৃত্যুর খবর জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুদিন আগে অসুস্থ বোধ করায় আবদুর রশিদ খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালকের আকস্মিক মৃত্যুতে প্রতিষ্ঠানের সবাই গভীরভাবে শোকাহত বলে পোস্টে জানানো হয়। পাওয়ার গ্রিডের ভাষ্য, এ মৃত্যুতে প্রতিষ্ঠানের সদস্যরা কথা বলার ভাষা হারিয়েছেন এবং গভীর বেদনা ও বিহ্বলতার মধ্যে রয়েছেন।
আবদুর রশিদ খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শোকের মধ্যেও জাতীয় বিদ্যুৎ গ্রিডের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেছে পাওয়ার গ্রিড। পোস্টে বলা হয়েছে, এই কঠিন ও মর্মান্তিক পরিস্থিতিতেও সারা দেশে কর্মরত প্রতিষ্ঠানের কর্মীরা জাতীয় গ্রিড সচল রাখার দায়িত্ব পালনে অবিচল রয়েছেন।
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্বরত কর্মীদের নিজ নিজ কর্মস্থলে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে। জনস্বার্থে তাঁদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলা হয়েছে ওই পোস্টে।
Source: জাগো নিউজ২৪






