মা ইলিশ সংরক্ষণ এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদী ও সমুদ্র উপকূলে নিয়মিত অভিযান, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজও অব্যাহত রয়েছে বলে বাহিনীটি জানিয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২২ দিনের নিষেধাজ্ঞা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
জেলেদের সচেতন করা হচ্ছে
জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাহিনীটি দায়িত্ব পালন করে আসছে।
সহযোগিতার আহ্বান
বিজ্ঞপ্তিতে ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য’ বলে উল্লেখ করা হয়। মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহযোগিতা চাওয়া হয়েছে।
মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করার অনুরোধ জানিয়েছে বাহিনীটি।
Source: জাগো নিউজ২৪






