পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করছেন। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে এসব আলোচনা চলছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে তেহরান সফরের পর আবারও সেখানে গেছেন আসিম মুনির। এই সফরে তিনি ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করছেন।
পাকিস্তানের সিনেটর সেহর কামরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এই বৈঠক থেকে বোঝা যায়, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপের মাধ্যমে আঞ্চলিক শক্তিগুলোকে নিজেদেরই ভূমিকা রাখতে হবে। বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে দেওয়ার বদলে আলোচনার ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সিনেটর কামরান আরও বলেন, ইরানের গঠনমূলক আলোচনার উদ্যোগ সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলায় সহায়ক হতে পারে। একই সঙ্গে বাব আল-মান্দেব প্রণালি থেকে হরমুজ প্রণালি পর্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর ঝুঁকি কমাতেও এটি ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদিকে তেলের দামও বাড়ছে। এ ছাড়া ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের সৌদি আরবে চলমান হামলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
Source: জাগো নিউজ২৪






