নীলফামারীর ডোমারে নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে শ্যামল শর্মা (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া দুজন হলেন শাহনাজ বেগম (৩০) ও আব্দুর রশীদ (৪৫)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁদের গ্রেফতার করা হয়।

নিহত শ্যামল শর্মা ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শুসেন শীলের ছেলে। গ্রেফতার হওয়া শাহনাজ বেগম রাজশাহীর বাসিন্দা এবং আব্দুর রশীদ স্থানীয় এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে উপজেলার নীলাহাটি শ্মশানঘাট এলাকায় এক নারীকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কিছুক্ষণ পর কৌশলে শ্যামল শর্মাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়।

মারধরের পর তাঁকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম সরকার জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে বলে তিনি উল্লেখ করেন।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪