চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর কাচিকাটা থেকে হরিণা নৌ-সীমানা পর্যন্ত চালানো বিশেষ অভিযানে ৩৩ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। অভিযানে ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১০টি জেলে নৌকা এবং ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসাইনের নেতৃত্বে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। নৌ-পুলিশ জানিয়েছে, এ সময় মোট ৪০ জেলেকে আটক করা হয়।

অপ্রাপ্তবয়স্ক সাতজন অভিভাবকের মুচলেকায় মুক্তি

আটক জেলেদের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক। তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রজনন মৌসুমে নজরদারি জোরালো

নৌ-পুলিশ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের অবাধ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় নদীতে রাতভর টহল ও অভিযান চালিয়ে মাছ ধরার প্রস্তুতি নেওয়া এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেদের আটক করা হয়।

‘শেষ মুহূর্ত পর্যন্ত অভিযান চলবে’

ওসি মোহাম্মদ আজমগীর হোসাইন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে নৌ-পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার এবং মা ইলিশ আহরণ বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, মা ইলিশ রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত নৌ-পুলিশের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Source: জাগো নিউজ২৪