দেশে ডেঙ্গুর সংক্রমণ ও এতে মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে হাইকোর্টের দেওয়া রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) ওই চিঠি পাঠানো হয়েছে বলে আইনজীবী নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তানভীর আহমেদ জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থে হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

এ কারণে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা এবং রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে চিঠিটি পাঠানো হয়েছে বলে আইনজীবী উল্লেখ করেন।

চিঠির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং উচ্চ আদালতের নির্দেশনা ও পর্যবেক্ষণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাইকোর্টের আগের নির্দেশনা

এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে ৬০ দিনের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া তানভীর আহমেদের করা আরেকটি মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে হাইকোর্ট নির্দেশনা দেন। পূর্ণাঙ্গ রায়ে বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে নজরদারি এবং ভেক্টর কন্ট্রোল গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় নিতে বলা হয়।

আইনজীবী জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাবে মৃত্যু রোধ ও মশা নিধনে পদক্ষেপ গ্রহণের জন্যই চিঠিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে।

Source: জাগো নিউজ২৪