বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি আবারও জানিয়েছে চীন সরকার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চীনকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এই সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

এ সময় ড. লিউ ইউইন বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং সার্বিক সক্ষমতা বাড়াতে চীন সরকারের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪