নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার মামলায় হারেজ (৫১) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাগো নিউজ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ঘটনার বিবরণ

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, পারিবারিক কলহের জের ধরে ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে হারেজ তাঁর ছেলে সোহাগকে (১৬) ও স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে দুজনই নিহত হন।

ঘটনার পর ফতুল্লা থানা পুলিশ হারেজকে আটক করে।

মামলা ও রায়

কোর্ট পুলিশ পরিদর্শক আরও জানান, নিহত মনোয়ারা বেগমের মেয়ে বিথি (১৩) এবং তাঁর বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

সেই মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন বলে আব্দুস সামাদ উল্লেখ করেন।

Source: জাগো নিউজ২৪