জরুরি পরিস্থিতিতে দুর্গম স্থানে খাদ্য, পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ব্যবহারের লক্ষ্যে ৭০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম একটি রেসকিউ ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (২৬ অক্টোবর) পূর্বাচলে সংস্থাটির মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এ উড্ডয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ড্রোনটি উদ্ধারকাজে যুক্ত করা হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, তা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ড্রোনটি সংগ্রহ করেছে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যারাব)। জরুরি পরিস্থিতিতে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্ধারকাজে ড্রোনটি ব্যবহার করা যায় কি না, তা পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়েছে।

তবে ড্রোনটি ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে যুক্ত করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর কার্যকারিতা ও ব্যবহারিক সক্ষমতা আরও যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংস্থাটি জানিয়েছে।

পরীক্ষামূলক উড্ডয়নের সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি; ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এবং সহকারী পরিচালক (অপারেশন) একেএম শামসুজ্জোহা। এ সময় ফায়ার সার্ভিস ও অ্যারাবের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ড্রোনটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হলে দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দুর্গম স্থানে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

Source: জাগো নিউজ২৪