ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন বিমানবন্দর থেকে অবিলম্বে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রধান ঘাঁটি এই বিমানবন্দর।
হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই নির্দেশের ঘোষণা দেন। সেখানে তিনি দাবি করেন, বিমানবন্দরে সৌদি সামরিক বাহিনীর একটি পণ্যবাহী উড়োজাহাজ রয়েছে, যেটিতে অস্ত্র বহন করা হচ্ছে। এই কারণেই বিমানবন্দরটি দ্রুত খালি করার আহ্বান জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হুথিরা দীর্ঘদিন ধরে ইয়েমেনের উত্তরাঞ্চলে রাজধানী সানার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। দক্ষিণ ইয়েমেনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ এবং মানবিক সহায়তা পৌঁছানোর অন্যতম মাধ্যম এডেন বিমানবন্দরে অতীতেও একাধিকবার হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এডেনের বাসিন্দারা জানিয়েছেন, হুথিদের সতর্কবার্তা আসার আগেই শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে সংঘাত
ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথিদের লড়াই সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও তীব্র হয়েছে। গত মাসে হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হলে উত্তেজনা নতুন মাত্রা পায়।
লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। আরব উপদ্বীপের অপর পাশে হরমুজ প্রণালির মতোই এই নৌপথটির কৌশলগত গুরুত্ব রয়েছে। এরই মধ্যে ইয়েমেনের সংঘাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী বৃহত্তর যুদ্ধের মধ্যে নতুন একটি অস্থিতিশীল রণক্ষেত্রে পরিণত হয়েছে।
হুথিদের দখলে থাকা লোহিত সাগর উপকূলের ভূখণ্ড পুনরুদ্ধারে অগ্রসর হয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। এতে বাব আল-মান্দেব প্রণালির ওপর হুথিদের নিয়ন্ত্রণ ও প্রভাব দুর্বল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, সৌদি আরবে হুথিদের হামলা বেড়ে যাওয়ার জবাবে গোষ্ঠীটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
ভেঙে পড়েছে যুদ্ধবিরতি
ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে। ওই যুদ্ধবিরতির ফলে দেশটিতে হামলা ও সংঘর্ষ অনেকটাই কমে এসেছিল।
২০১৪ সালে হুথিরা সরকারকে দক্ষিণাঞ্চলের দিকে হটিয়ে দিলে ইয়েমেনে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হয়। এরপর থেকে দেশটি রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত।
নতুন করে লড়াই তীব্র হওয়ায় দেশটির মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে বলে সতর্ক করেছে বিভিন্ন ত্রাণ সংস্থা। দীর্ঘদিন ধরেই ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। সংঘাত আরও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের দুর্ভোগ এবং জরুরি সহায়তা পৌঁছানোর সংকট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
Source: জাগো নিউজ২৪






