স্পেনে দুইটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে রাজধানী মাদ্রিদের দক্ষিণে তোলেদো প্রদেশের উর্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, একই দিকে চলতে থাকা দুটি ট্রেনের মধ্যে একটি অন্যটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় সামনের ট্রেনটি থেমে ছিল।

কোন ট্রেন দুটি জড়িত

দুর্ঘটনায় জড়িত দুটি ট্রেনের একটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের পরিচালিত দ্রুতগতির ট্রেন, যা মাদ্রিদ থেকে সেভিল যাচ্ছিল। অপর ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল সংস্থা ইরিও।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানান, দুর্ঘটনার সময় দুটি ট্রেনই একই দিকে যাচ্ছিল। একপর্যায়ে একটি ট্রেন থেমে থাকা অপর ট্রেনটির পেছনে ধাক্কা দেয়।

পাদিয়ার তথ্য অনুযায়ী, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন।

বগি ঢালে পড়ে গেছে

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে জরুরি সেবাকর্মীদের সূত্র উল্লেখ করে বলা হয়েছে, ইরিওর ট্রেনটির দুটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লাইনচ্যুত একটি বগির ধ্বংসাবশেষ ঢালের ওপর ছড়িয়ে থাকতে দেখা গেছে। ওই ভিডিওতে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের জড়ো হতেও দেখা যায়।

দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার অভিযান

দুর্ঘটনার পর আশপাশের শহরগুলো থেকে দমকলকর্মীদের উদ্ধারকাজে পাঠানো হয়। এল মুন্দো সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার অভিযানে তিনটি চিকিৎসা হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটও মোতায়েন করা হয়।

উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান টিভিইকে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স প্রস্তুত রাখতে শহর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে নাগরিক সুরক্ষা বিভাগ।

মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, উদ্ধারকাজে সহায়তার জন্য রাজধানী থেকেও জরুরি চিকিৎসাকর্মী ও দমকলকর্মী পাঠানো হচ্ছে।

শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। উদ্ধারকাজ চলার সময় তিনি পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এবং কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাহের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

সানচেজ লিখেন, তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর তাঁকে মর্মাহত করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই ও তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা ও সমর্থন জানিয়েছেন।

ট্রেন চলাচল স্থগিত, তদন্ত শুরু

দুর্ঘটনার পর স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে দ্রুতগতির ট্রেন চলাচল স্থগিত করে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ তদন্ত দল ঘটনাস্থলে পাঠায় দেশটির সিভিল গার্ড। তবে দুটি ট্রেনের সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইতালির নাগরিকদের খোঁজে যাচাই

দুর্ঘটনায় কোনো ইতালীয় নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা খতিয়ে দেখছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এক্সে জানান, মাদ্রিদে ইতালির কনস্যুলেট বিষয়টি যাচাই করছে এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

স্পেনে আগের দুর্ঘটনা

স্পেনে এর আগেও ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। মাত্র নয় মাস আগে দেশটির দক্ষিণাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় ৪৫ জন নিহত হন। আদামুজ শহরের কাছে ঘটে যাওয়া ওই দুর্ঘটনাটি ছিল ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ২০১৩ সালে একটি ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন।

Source: জাগো নিউজ২৪