রাজধানীর বাড্ডায় প্রগতি সরণিতে মেট্রোরেল লাইন-১-এর নির্মাণকাজ শুরু হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির সামনের সড়ক থেকে জামান ফিলিং স্টেশন পর্যন্ত এবং হাতিরঝিল থেকে আফতাবনগরে ওঠার সড়কের উভয় পাশে এ কাজ চলছে।

গুলশান ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার জানায়, প্রাথমিক পর্যায়ে নির্মাণকাজের অংশ হিসেবে সড়কের কিছু অংশ কাটা হয়েছে। এতে রামপুরা থেকে প্রগতি সরণির দিকে আসা এবং প্রগতি সরণি থেকে রামপুরার দিকে যাওয়া যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছে।

ট্রাফিক বিভাগের ভাষ্য অনুযায়ী, সড়কের দুই পাশে নির্মাণকাজ চলার কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে এবং যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে ওই সড়ক ব্যবহারকারীদের চলাচলে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে বলেও তারা জানিয়েছে।

নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট ও ভোগান্তি এড়াতে পুলিশ বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

Source: জাগো নিউজ২৪