ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকারি ডিএফপি সার পাচারের অভিযোগে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ট্রাকটি জব্দ করা হয় বলে পুলিশ, উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
আটক এ কে এম ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
যেভাবে আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, সারবোঝাই ট্রাকটি সন্দেহজনকভাবে চলাচল করছিল। এ সময় স্থানীয় এলাকাবাসী ট্রাকটি আটকে দেয়। পরে উত্তেজিত জনতা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।
প্রশাসন ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে সারবোঝাই ট্রাক, সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করে ভাঙ্গা থানায় নিয়ে যান।
মামলা ও ডিলারশিপ বাতিলের কথা
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ এবং হেলপার ও ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদারকে আটক করা হয়েছে। সারবোঝাই ট্রাকটি থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা ও তাঁর ডিলারশিপ বাতিল করা হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিরা ও জব্দকৃত সার থানা হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। তিনি জানান, পাচারের সময় সার জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রাতের আঁধারে ট্রাকে করে ২৫০ বস্তা ডিএফপি সার অন্যত্র পাচার করা হচ্ছিল। খবর পেয়ে সারবোঝাই ট্রাক জব্দ এবং সার ডিলারকে আটক করে স্থানীয় থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে এবং ঘটনার সত্যতা প্রমাণিত হলে ওই ডিলারের সার ডিলারশিপ বাতিল করা হবে।
Source: জাগো নিউজ২৪






