দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে এ বছর মোট ৭০ জন পরীক্ষায় বসেছিলেন। গতকাল শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ (২৪ জন পরীক্ষার্থী), নাগেশ্বরী মডেল কলেজ (১৫ জন), রাজারহাটের সিঙ্গার ডাবরিরহাট কলেজ (১০ জন) এবং সিঙ্গার ডাবরিরহাট বি.এল. হাইস্কুল অ্যান্ড কলেজ (ছয়জন)।

এ ছাড়া নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন, ছিলাখানা মডেল কলেজ থেকে চারজন, উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন এবং রাজারহাটের পাঙ্গারাণী লক্ষ্মী প্রিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফলের তালিকা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।

জেলার সামগ্রিক ফলাফলও হতাশাজনক। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে থাকা আট জেলার মধ্যে পাসের হারে কুড়িগ্রামের অবস্থান ষষ্ঠ। এ বছর জেলায় মোট ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে পাস করেছেন চার হাজার ৭৭৩ জন। জেলার গড় পাসের হার ৪০ দশমিক ৭২ শতাংশ।

ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে আছেন। জেলায় পাঁচ হাজার ৬৮৩ জন ছাত্রের মধ্যে পাসের হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ, আর ছয় হাজার ৩৯ জন ছাত্রীর মধ্যে পাসের হার ৪৫ দশমিক ২১ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৩৬ জন, যাদের মধ্যে ৫৯ জন ছাত্র ও ৭৭ জন ছাত্রী।

উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফিজ রহুল আমিন জানান, তাঁর প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনই বিবাহিত। সংসারের ব্যস্ততা ও চাপের কারণে তাঁরা ঠিকমতো পড়াশোনা করতে পারেননি। তিনি বলেন, ‘আমরা চাই সবাই পাস করুক। কিন্তু শিক্ষার্থীদের আগ্রহ না থাকলে ভালো ফল করা কঠিন।’

সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, সাধারণ মাধ্যমিক শাখার কার্যক্রম তাঁরা দেখভাল করেন। উচ্চমাধ্যমিক শাখা সরাসরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ কারণে এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের বিষয়ে তাঁরা বিস্তারিত অবগত নন।

Source: জাগো নিউজ২৪