রাজধানী ঢাকায় শনিবার হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে পথচারী ও অফিসগামীরা ভোগান্তিতে পড়েছেন। সকাল পৌনে ১১টার দিকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কর্মস্থল ও জরুরি কাজে বের হওয়া মানুষদের বিপাকে পড়তে দেখা যায়।
এদিন বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী ও অভিভাবক নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। একই সঙ্গে শনিবার বেসরকারি অনেক অফিস খোলা থাকায় কর্মকর্তা-কর্মচারীরাও কর্মস্থলের উদ্দেশে বের হন। এ ছাড়া অন্যান্য প্রয়োজনে অনেকেই ঘরের বাইরে ছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই বৃষ্টি নামায় তাঁদের ভোগান্তিতে পড়তে হয়।
বৃষ্টি থেকে বাঁচতে অনেককে ফ্লাইওভারের নিচে আশ্রয় নিতে দেখা যায়। রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক ও যাত্রীরাও ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। অন্যদিকে রিকশাচালকেরা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে রিকশার হুড তুলে ভেতরে বসে থাকেন।
সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এর মধ্যেই বেলা পৌনে ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় নগরবাসীর ভোগান্তি চলতে থাকে।
Source: জাগো নিউজ২৪






