রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশের মূল ফটকের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বোমা দুটি ফেলে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা গেটের কাছে স্কচটেপ দিয়ে পেঁচানো দুটি সন্দেহজনক বস্তু নজরে পান। বিষয়টি দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় থানা পুলিশকে জানানো হয়। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানটি ঘিরে ফেলে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটিকে হাতবোমা হিসেবে নিশ্চিত করে এবং নিরাপদে নিষ্ক্রিয় (ডিফিউজ) করার ব্যবস্থা নেয়।
নগর পুলিশের বিমানবন্দর থানার এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে।
এ ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকার স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে বিমানবন্দরের সব কার্যক্রম ও যান চলাচল স্বাভাবিক করা হয়।
Source: জাগো নিউজ২৪






