রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া প্রায় সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ১৪ হাজার ৪৪০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান শেখ এ তথ্য জানান।
জানা গেছে, মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে হারুন-অর-রশিদ মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের দেলোয়ারের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে দুই কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি প্রতি কেজি ছয় হাজার ৪০০ টাকা দরে ১৪ হাজার ৮০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান শেখ।
মাছ ব্যবসায়ী সাজাহান শেখ জানান, মাছটি কেনার পর তিনি মোবাইলে দেশের বিভিন্ন স্থানের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সেন্টমার্টিনের এক ক্রেতার কাছে প্রতি কেজি ছয় হাজার ৬০০ টাকা দরে মাছটি বিক্রি করে দেন তিনি।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, স্বাদ ও গুণগত মানের কারণে পদ্মা নদীর ইলিশ দেশজুড়ে আলাদা পরিচিতি পেয়েছে। বড় আকারের ইলিশ সাধারণত ক্রেতাদের বিশেষভাবে আকর্ষণ করে। তিনি বলেন, জেলে ও মৎস্যজীবীরা সরকারি নির্দেশনা ও নিয়ম মেনে চললে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।
Source: জাগো নিউজ২৪






