কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে মধ্যরাতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনাকে ‘পেট্রোলবোমা হামলা’ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। তিনি বলেছেন, এ ঘটনা শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; জুলাই আন্দোলন ও তার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এটি একটি সতর্কবার্তা।
বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় হামলার ঘটনা, ক্ষয়ক্ষতি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
‘সাধারণ মানুষের মতো এমপিদের জীবনও অনিরাপদ’
নুসরাত তাবাসসুম বলেন, সাধারণ মানুষের জীবন যেমন অনিরাপদ, সংসদ সদস্যদের জীবনও তেমনই অনিরাপদ। একজন এমপির বাড়িতে মধ্যরাতে এভাবে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত; সংসদে বক্তব্য দিয়ে কিংবা পরিস্থিতি অস্বীকার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আড়াল করা যাবে না।
তিনি জানান, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাঁর কাছে একটি হুমকি ফোন আসে। এর আগে ও পরেও আরও কয়েকটি হুমকি পান তিনি। এসব বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে জানান এমপি।
হামলার আগে ছাত্রলীগ নেতার আইডি থেকে পোস্ট
নুসরাত তাবাসসুম বলেন, বুধবার রাতে তাঁর বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী, রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রোলবোমা হামলা বলে মনে হচ্ছে; তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি। অন্যদিকে দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয়; ততক্ষণে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।
পৈতৃক বাড়ির স্মৃতি ও ক্ষতি
নিজের বাড়ির স্মৃতিচারণ করে তিনি বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল এবং ওই পরিবারের সদস্যরা তাঁদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিলেন। বাড়িটি তাঁর দাদার হাতে তৈরি; এখানেই তিনি বড় হয়েছেন, তাঁর ছোট ভাই বড় হয়েছেন এবং বাবা-মা সংসার করেছেন। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল। আগুনে পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে। বাড়ির প্রায় সবকিছুই পুড়ে গেছে।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেন, ‘সন্ত্রাসী লীগের’ লোকজন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করছে এবং মনে করছে এ ধরনের হামলা করে তাঁদের দমিয়ে রাখা যাবে। তিনি তাদের উদ্দেশে বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে; সেই অভিজ্ঞতার ফল হিসেবেই ‘২৪ এসেছে’। এ ধরনের ঘটনা দিয়ে তাঁদের ভয় দেখানো বা কষ্ট দেওয়ার চেষ্টায় লাভ হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বক্তব্য প্রত্যাশা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ, সুষ্ঠু তদন্ত এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানতে চান, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কী পদক্ষেপ নেবে—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষ দিকে নুসরাত তাবাসসুম বলেন, শুধু নিজের নয়, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও এনসিপি উদ্বিগ্ন। এ ধরনের হামলা দিয়ে তাদের আন্দোলন থামানো যাবে না। নিরাপত্তার দাবিতে তাঁরা আগেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হামিদ টম মাস্টার, এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতসহ দলের ও পরিবারের অন্যান্য সদস্য। জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন।
Source: জাগো নিউজ২৪






