ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিয়ে আগাম সতর্কতা নিশ্চিত করতে কুয়েতে একটি অগ্রবর্তী সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর যৌথ সামরিক কমান্ড। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিশ্লেষকদের মত হলো, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর যে অভিজ্ঞতা হয়েছে, তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল-মাদার সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের পরিচালক সালেহ আল-মুতাইরি আল-জাজিরাকে বলেন, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পারছে, সম্মিলিত নিরাপত্তা কেবল চুক্তি আর রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভরশীল হতে পারে না। পক্ষান্তরে রাজনৈতিক অবস্থান একই রকম হলেও নিরাপত্তা নিশ্চিত করতে হলে এমন সামরিক সক্ষমতা দরকার, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে পারে এবং এমন একটি নিরাপত্তা ও সামরিক কমান্ডও প্রয়োজন। তিনি বিশেষভাবে আগাম সতর্কতার ক্ষেত্রে এ ধরনের কমান্ডের গুরুত্ব তুলে ধরেন।

আল-মুতাইরির ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতা থেকেই উপসাগরীয় দেশগুলো আগাম সতর্কতাব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়েছে। নতুন কমান্ডে কী ধরনের বাহিনী যুক্ত হবে কিংবা তাদের দায়িত্ব ও কার্যক্রম কী হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে সম্ভাব্য এই হুমকি মোকাবিলার লক্ষ্যেই সদর দপ্তরটি গড়ে তোলা হচ্ছে বলে তিনি মনে করেন।

নতুন এই সদর দপ্তর জিসিসিভুক্ত সব দেশের জন্য আগাম সতর্কতা কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। এ সিদ্ধান্তের পেছনে কুয়েতের ভৌগোলিক অবস্থানকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশটি ইরানের কাছাকাছি, ইরাকের সঙ্গে সীমান্ত রয়েছে এবং পারস্য উপসাগরের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। আল-মুতাইরির মতে, এ অবস্থানের কারণে কুয়েত থেকে পরিচালিত নতুন কমান্ড বা সেখানে মোতায়েন করা বাহিনী পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য আগাম সতর্কতা কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নতুন সদর দপ্তরটি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত জিসিসির বিদ্যমান ঐক্যবদ্ধ সামরিক কমান্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ওই কমান্ড ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

আল-মুতাইরি নতুন উদ্যোগটিকে বর্ণনা করেন ‘সম্মিলিত নিরাপত্তার ধারণার দিকে কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে আগাম সতর্কতামূলক প্রস্তুতি’ হিসেবে। তাঁর মতে, উপসাগরীয় দেশগুলো এখন এককভাবে নিরাপত্তা নিশ্চিত করার বদলে যৌথ সামরিক সক্ষমতা ও সমন্বিত প্রতিরক্ষাব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

তথ্যসূত্র: আল-জাজিরা।

Source: জাগো নিউজ২৪