চাকরি হারানোর পর পাঁচটি ক্রেডিট কার্ডের ঋণে জড়িয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সী আনা পাইলিয়ান। এসব কার্ডে প্রায় ৩০ হাজার ডলার ঋণ জমে যায় তাঁর। তবে একটি অলাভজনক ঋণ পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তায় সুদের হার কমিয়ে পরিকল্পিতভাবে কিস্তি পরিশোধ শুরু করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ডলার ঋণ শোধ করেছেন বলে জানিয়েছেন আনা।

আনা মানব জিনতত্ত্ব বিষয়ে পড়াশোনা করছেন, যে বিষয়টি মানুষের স্বাস্থ্য ভালো রাখার সঙ্গে সম্পর্কিত। তথ্যসূত্র: রয়টার্স।

যেভাবে ঋণের চক্রে

চাকরি হারানোর আগে গ্রাফিক ডিজাইন বিশ্লেষক হিসেবে বছরে ৬০ হাজার ডলার আয় করতেন আনা। চাকরি চলে যাওয়ায় আয় বন্ধ হয়ে যায়। কিন্তু বাড়িভাড়া ও অন্যান্য খরচ তো চলছিলই; অর্থের জোগান দিতে ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে শুরু করেন তিনি। একপর্যায়ে তাঁর পাঁচটি ক্রেডিট কার্ডের সব কটির ঋণসীমা শেষ হয়ে যায়। ওই কার্ডগুলোর সুদের হার ছিল ২৪ থেকে ২৬ শতাংশ।

পরে বাণিজ্যিক ঋণ মূল্যায়নকারী একটি প্রতিষ্ঠানে সহকারী হিসেবে স্থায়ী চাকরি পান আনা। কিন্তু তত দিনে তাঁর মোট ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ হাজার ডলারে। ঋণের বোঝার কারণে তাঁর ক্রেডিট স্কোর ৭৫০ থেকে নেমে ৫৯০-এ চলে আসে। এতে নতুন করে ঋণ নিলে তাঁকে বেশি সুদ গুনতে হচ্ছিল। এমনকি দেউলিয়া হওয়ার আইনি প্রক্রিয়া নিয়েও একজন আইনজীবীর পরামর্শ নেন তিনি।

আনা বলেন, একসময় তাঁর মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তীব্র হতাশা, উদ্বেগ ও দুশ্চিন্তা ভোগ করছিলেন তিনি; কোনো কাজ করার আগ্রহও পাচ্ছিলেন না।

এমএমআইয়ের সহায়তা

পরিস্থিতি সামাল দিতে ২০২৫ সালে মানি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল (এমএমআই) নামের একটি অলাভজনক ঋণ পরামর্শক প্রতিষ্ঠানের ঋণ ব্যবস্থাপনা কর্মসূচিতে যুক্ত হন আনা। প্রতিষ্ঠানটি তাঁর ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে সুদের হার ২৪ থেকে ২৬ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ২ থেকে ৩ শতাংশে নামিয়ে আনে। এতে তাঁর সুদের খরচ অনেক কমে যায়।

এমএমআইয়ের সহায়তায় নিজের সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের পরিকল্পনাও করেন তিনি। এই কর্মসূচিতে যোগ দিতে তাঁকে এককালীন ৩০ ডলার এবং প্রতি মাসে প্রায় ২৫ ডলার দিতে হয়েছে।

কর্মসূচিতে এক বছরের বেশি সময় পার করার পর আনা জানান, এরই মধ্যে প্রায় ৮ হাজার ডলার ঋণ পরিশোধ করেছেন। শুরুতে চার বছরের মধ্যে পুরো ঋণ শোধের পরিকল্পনা থাকলেও এখন অতিরিক্ত অর্থ পরিশোধ করে আরও আগেই ঋণমুক্ত হতে চান তিনি।

আনা বলেন, এই উদ্যোগ তাঁকে নিজের জীবনের ওপর আবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অনুভূতি দিচ্ছে। তাঁর ক্রেডিট স্কোরও ধীরে ধীরে বাড়ছে।

যুক্তরাষ্ট্রে বাড়ছে পরিবারের ঋণ

যুক্তরাষ্ট্রে পরিবারের মোট ঋণের পরিমাণও বাড়ছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের নতুন তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে দেশটির পরিবারের মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সময়ে ক্রেডিট কার্ডের বকেয়া ঋণও বেড়ে রেকর্ড ১ দশমিক ২৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

এক্সপেরিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৯ বছর বয়সী জেনারেশন জেডের একজন সদস্যের গড় ক্রেডিট কার্ড ঋণ ৩ হাজার ৪৮৩ ডলার। অন্যদিকে ৩০ থেকে ৪৫ বছর বয়সী মিলেনিয়ালদের গড় ঋণ ৭ হাজার ১৩ ডলার।

ক্রেডিট কার্ডের বকেয়া এক মাসের বেশি সময় ধরে রাখছেন—এমন জেনারেশন জেড ঋণগ্রহীতার সংখ্যাও বাড়ছে। ডেলয়েটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত এই হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। অন্য বয়সী প্রজন্মের ক্ষেত্রে এই হার কমেছে।

ডেলয়েট কনজিউমার ইন্ডাস্ট্রি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন রজার্স বলেন, জেনারেশন জেডের তরুণেরা আর্থিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আশাবাদী থাকার চেষ্টা করছেন। কিন্তু চাকরির বাজারের অনিশ্চয়তার কারণে স্বল্পমেয়াদে তাঁদের আর্থিক স্থিতিশীলতা কমে গেছে। এ পরিস্থিতি সামাল দিতেই অনেকে ঋণ নিচ্ছেন।

Source: জাগো নিউজ২৪