অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি, দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, হাসপাতালের চিকিৎসাসেবায় অনিয়ম এবং সড়ক সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দেশের চার স্থানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে এসব অভিযান চালানো হয়। অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ এবং সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

রাজধানীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে অভিযান

দুদক সূত্র জানায়, অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধ বাজারে দুষ্প্রাপ্য করে কৃত্রিম সংকট তৈরি এবং সাধারণ ওষুধের বদলে বেশি দামের অতিরিক্ত ফর্মুলেশনযুক্ত ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে রাজধানীর ঔষধ প্রশাসন অধিদপ্তরে অভিযান চালানো হয়। দুদকের প্রধান কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের তালিকা, ওষুধের মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সভার কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

পাবনায় দলিল লেখকদের বিরুদ্ধে অভিযোগ

অন্যদিকে পাবনা সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ও নকল উত্তোলনকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালায় পাবনার দুদকের সমন্বিত জেলা কার্যালয়।

অভিযানকালে দুদকের সদস্যরা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখকদের সেরেস্তা, রেকর্ডরুম ও এজলাস কক্ষের আশপাশে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন তাঁরা।

এ সময় সেবাগ্রহীতাদের বক্তব্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাঁরা জানান, দলিল নিবন্ধনের ক্ষেত্রে ‘দলিল লেখক সমিতি’র নামে দলিল লেখকরা সরকার নির্ধারিত ফির বাইরে জনপ্রতি ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে এ বিষয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন অচল ফেলে রাখা এবং হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় অবহেলার অভিযোগে অভিযান চালিয়েছে দিনাজপুরের দুদকের জেলা কার্যালয়।

অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে অভিযানে পাওয়া অনিয়মের বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবামূলক কার্যক্রম পুনরায় সরেজমিনে পরিদর্শন করা হয়।

সংগৃহীত নথিপত্র ও সরেজমিনে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদকের দল।

নেত্রকোনায় সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাশা বাইপাস সড়কের প্রায় সাত কিলোমিটার সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কার্যাদেশ ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ।

অভিযোগের সত্যতা যাচাই ও নির্মাণকাজের গুণগত মান নিরূপণে একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা। এ সময় প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা।

নিরপেক্ষ প্রকৌশলীর কারিগরি মতামত এবং সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ অভিযোগের বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

Source: জাগো নিউজ২৪