ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় হওয়া বিপুল অর্থ এবার মিত্রদেশগুলোর কাছ থেকে ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশকে সুরক্ষা দিতে ওয়াশিংটন এই যুদ্ধে জড়িয়েছে, তাদের কাছ থেকেই যুদ্ধের পুরো খরচ আদায়ের কথা বলেছেন তিনি। সেই তালিকায় এবার সরাসরি যুক্ত হয়েছে ইসরায়েলের নামও।

গত রোববার (৮ নভেম্বর) সম্প্রচারিত সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যমটির প্রতিনিধি রস ডাউথাটকে তিনি জানান, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের যুদ্ধের পেছনে ব্যয় হওয়া সব অর্থ ফিরিয়ে দিতে হবে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধের পুরো খরচই ফেরত পাবে। তাঁর যুক্তি অনুযায়ী, মার্কিন সামরিক সহায়তা না থাকলে এসব দেশের অস্তিত্বই থাকত না।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি অংশ নিয়েছিল ইসরায়েল। তবে এই প্রথমবার দেশটির কাছ থেকেও যুদ্ধের খরচ ফেরত চাওয়ার কথা স্পষ্টভাবে বললেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না পেলে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না।

এর আগেও উপসাগরীয় দেশগুলোর কাছে যুদ্ধের খরচ ফেরত চাওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সামরিক উপস্থিতি বজায় রাখতে হচ্ছে এবং এ জন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে বলে তিনি উল্লেখ করেছিলেন।

গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অনেক অর্থ ব্যয় করছে। তাই এই ব্যয়ের ভার মিত্রদেশগুলোর বহন করা উচিত।

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলার। তবে এই হিসাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের খরচ ধরা হয়নি। ফলে যুদ্ধের প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) এক হিসাবেও বলা হয়েছিল, যুদ্ধ যত দিন চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে।

ট্রাম্পের খরচ ফেরত চাওয়ার তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত। তবে এসব দেশের সঙ্গে ইসরায়েলের অবস্থানের পার্থক্য রয়েছে। কারণ, ইসরায়েল শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে।

অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন তাদের কিছুই জানায়নি। বরং ইরানের পাল্টা হামলার কারণে এসব দেশকেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো শুরু থেকেই সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে। অর্থাৎ, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বদলে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পক্ষেই ছিল তারা।

বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের খরচ আদায়ে বাস্তব কোনো উদ্যোগ নেওয়ার চেয়ে রাজনৈতিক বার্তা দিতেই এমন কথা বলছেন ট্রাম্প।

তথ্যসূত্র: আল-জাজিরা।

Source: জাগো নিউজ২৪