জ্বালানি তেল পরিমাপে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১১ নভেম্বর) চালানো এই অভিযানে তিনটি ফিলিং স্টেশনে মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে চারটি ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, মালিবাগ অটো সার্ভিস (চৌধুরীপাড়া, ডিআইটি রোড, হাজীপাড়া) নামের ফিলিং স্টেশনে তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।

অন্যদিকে এ হাই অ্যান্ড কোং (টিকাটুলি, ঢাকা) নামের স্টেশনে তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।

এছাড়া কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশন (খিলগাঁও, ঢাকা) নামের স্টেশনে পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার ও ১৩০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।

বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার উপ-পরিচালক লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক মিলন হোসেন।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের এ ধরনের নজরদারি ও সার্ভিল্যান্স কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তারা যাতে সঠিক পরিমাপে জ্বালানি তেল পান, তা নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিতভাবে ফিলিং স্টেশনগুলোতে পরিমাপযন্ত্র যাচাই ও তদারকি করছে।

Source: জাগো নিউজ২৪